মাদক নির্মূলে আনোয়ারার কৈখাইনে বিশেষ সমাবেশ ও শপথ
মাদক নির্মূলে আনোয়ারার কৈখাইনে বিশেষ সমাবেশ ও শপথ | ফটো: প্রিয় আনোয়ারা
মাদকের মরণনেশা রুখতে ‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগানে গত শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় এক মাদকবিরোধী সমাবেশ সম্পন্ন হয়েছে। উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন এলাকায় স্থানীয় মুসল্লী পরিষদের আয়োজনে এই সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং ওলি উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ইন্সপেক্টর (তদন্ত) মজনু মিয়া। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক জামাল উদ্দিন আনসারী, পরৈকোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ, মোজাম্মেল হক চৌধুরী, আবুল আলীম, মো. ফারুক, সেলিম, হোসেন মেম্বার, আজিজ ও মোর্শেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা যুবসমাজকে মাদকের মরণনেশা থেকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাদক নির্মূলে সভায় উপস্থিত সকলে মিলে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এলাকায় কোনো মাদকসেবী বা বিক্রেতা শনাক্ত হলে তাদের সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।, মাদকবিরোধী প্রতিটি কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সরাসরি অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে মাদকের বিস্তার রোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বক্তারা বলেন, মাদকের আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে না পারলে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। তাই প্রতিটি ঘর থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন অংশগ্রহণকারীরা।